পাবনায় শহীদ মিনার ভেঙেছে দুর্বৃত্তরা
পাবনার আটঘরিয়া উপজেলার উত্তরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের একাংশ গত শুক্রবার রাতে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের দাবি, জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনাটিতে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।
এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিদ্যালয়টিতে শীতকালীন ছুটি চলছে। এ কারণে কয়েক দিন ধরেই সেখানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আসা-যাওয়া নেই। এ সুযোগে দুর্বৃত্তরা শহীদ মিনারের একাংশ ভেঙে ফেলে। গতকাল শনিবার সকালে জাতীয় টিকা দিবস উপলক্ষে স্বাস্থ্যকর্মীরা বিদ্যালয়ে এসে শহীদ মিনারটি ভাঙা দেখতে পান। ঘটনা জানানোর পর পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন।
প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম অভিযোগ করেন, ‘জামায়াত-শিবির ছাড়া এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানোর মতো কেউ এ দেশে নাই। আমরা অবিলম্বে এই দেশবিরোধীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করি।’
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনার পর আমরা এলাকা পরিদর্শন করেছি। জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। মামলার প্রস্তুতিও চলছে। আশা করা যাচ্ছে, খুব শিগগির জড়িতদের খুঁজে বের করা যাবে।’