পাবনায় শিক্ষক ও ছাত্রীদের পেটালেন আনসার সদস্যরা!
পাবনা মানসিক হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শনে এসে গতকাল শনিবার আনসার সদস্যদের লাঠিপেটায় সুজানগরের শহীদ দুলাল পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রীসহ ১৫ জন আহত হয়েছে।এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।লিখিত অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের শিক্ষার্থীরা বার্ষিক শিক্ষাসফরের জন্য গতকাল সকালে পাকশীতে যায়। সেখানে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ফেরার পথে তারা সদর উপজেলার হেমায়েতপুর এলাকায় মানসিক হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শনের জন্য গাড়ি থেকে নামে। শিক্ষকেরা ছাত্রীদের সঙ্গে নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করতে গেলে কর্তব্যরত আনসার সদস্যরা তাঁদের ওপর চড়াও হন। তাঁরা শিক্ষক ও শিক্ষার্থীদের ভেতরে ঢুকতে না দিয়ে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এ সময় শিক্ষকেরা প্রতিবাদ করলে আনসার সদস্যরা তাঁদের মারধর শুরু করেন। এতে বিদ্যালয়টির শিক্ষক মাহে আলম, রবিউল ইসলাম, অফিস সহকারী রুহুল কুদ্দুস, প্রভাষ কুমার দেসহ ১৫ জন আহত হয়। আনসারের জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা জোর করে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে আনসার সদস্যরা বাধা দেন। এ সময় শিক্ষকেরা চড়াও হলে সংঘর্ষ বাধে। এতে তাঁদের তিন সদস্য আহত হন। তবু বিষয়টি জানার পর তিন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।