পাবনায় শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে আহত ২০
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গতকাল সোমবার পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ ২০ ছাত্র আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৯ ছাত্রকে আটক করেছে পুলিশ। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেশন ফি কমানো, অস্থায়ী ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের জের ধরে ওই সংঘর্ষের সূত্রপাত হয়।একাধিক শিক্ষার্থী জানান, সদর উপজেলার রাজাপুরের সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে অস্থায়ীভাবে ২০০৭ সাল থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সেশন ফি ৬০০ টাকা বাড়িয়ে চার হাজার ৮০০ টাকা করে। বিশ্ববিদ্যালয়ে কোনো গ্রন্থাগার, ছাত্রাবাস ও ইন্টারনেট-সুবিধা নেই; নেই ছাত্রসংসদ, নিজস্ব ক্যাম্পাস ও পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা। এসব সুবিধা না দিয়েই সেশন ফি বাড়ানোয় গত রোববার ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। সেশন ফি কমাতে শিক্ষার্থীদের দাবি বিবেচনায় ওই দিন সন্ধ্যায় ছয় সদস্যের কমিটি গঠন করে কর্তৃপক্ষ।গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে কয়েকজন ছাত্র ওই কমিটিতে ছাত্র প্রতিনিধি রাখার দাবি জানান। উপাচার্য দাবি না মানলে তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক মাসের মধ্যে নিজস্ব ক্যাম্পাসের কাজ শুরু, সেশন ফি কমানো, অস্থায়ী ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ এবং নিরাপত্তার দাবিতে আন্দোলনের কথা বলে তাঁরা সাধারণ শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ থেকে বের করে আনার চেষ্টা করেন। এ সময় শ্রেণীকক্ষে থাকা কিছু ছাত্র বের হতে আপত্তি জানান। এতে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় শিক্ষার্থীরা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের দরজা ও জানালা ভাঙচুর করেন। এ ঘটনায় ক্যাম্পাসে অবস্থানরত পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘণ্টাব্যাপী ছাত্র-পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ২০ ছাত্র আহত হন। এঁদের মধ্যে আট ছাত্রকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোজাফফর হোসেন প্রথম আলোকে বলেন, ‘একটি গোষ্ঠী অহেতুক আন্দোলনের নামে ছাত্রদের উসকানি দিচ্ছে। তাদের দাবি বিবেচনার জন্য ছয় সদস্যের কমিটি করা হয়েছে। ছাত্র প্রতিনিধি রাখার ব্যাপারে তারা যে দাবি করেছে, তা বিশ্ববিদ্যালয়ের নিয়মের বাইরে। সাধারণ ছাত্রদের মারধর ও ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনায় আট সদস্যের আরও একটি তদন্ত কমিটি করা হয়েছে।’ তিনি জানান, এ মুহূর্তে একটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্রছাত্রীদের সব সুবিধা দেওয়া সম্ভব নয়। জমি অধিগ্রহণের কাজ শেষ হলেই নিজস্ব ক্যাম্পাসের অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে।এ বিষয়ে পুলিশ সুপার জামিল আহম্মেদ বলেন, সরকারি সম্পদ ভাঙচুর, সাধারণ ছাত্রছাত্রীদের মারধর ও আন্দোলনের নামে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু ছাত্রকে আটক করা হয়েছে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাঁদের ছেড়ে দেওয়া হবে।