পাবনায় শিমের বাম্পার ফলন, চাষিরা খুশি
দুই বিঘা জমিতে খরচ হয়েছে ৬০ হাজার টাকা। এখন প্রতিদিন গড়ে শিম উঠছে পাঁচ মণ। ৭৫০ টাকা মণ দরে দিনে আসছে ৩ হাজার ৭৫০ টাকা। এ হিসাবে তিন মাসে আসবে প্রায় সাড়ে তিন লাখ টাকা।
নিজের শিম আবাদের কথা বলতে গিয়ে এমন একটি হিসাব দিলেন পাবনার আটঘরিয়া উপজেলার ক্ষিদিরপুর গ্রামের চাষি জহির উদ্দিন। ফলন ভালো হওয়ায় এবং ভালো দাম পাওয়ায় বেশ উৎফুল্ল দেখাচ্ছিল তাঁকে।
সরেজমিন ঘুরে এবং স্থানীয় চাষি ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেল, পুরো উপজেলার প্রায় সব শিমচাষিই জহির উদ্দিনের মতো খোশমেজাজে আছেন।
আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজার থেকে একটু দূরেই পার ক্ষিদিরপুর গ্রাম। পিচঢালা সড়ক দিয়ে এগোলে দুই পাশে বিস্তীর্ণ মাঠজুড়ে চোখে পড়বে শিম চাষ। ডগাভর্তি শিম আর ফুলে ঢেকে আছে মাঠ। স্থানীয়ভাবে এলাকাটির নাম ‘শিম সাগর’।
এখন মৌসুমের শেষ সময়। তবু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমি পরিচর্যা, শিম তোলা, বাজারজাত করাসহ নানা কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর জেলার নয়টি উপজেলায় ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে আটঘরিয়ায়; ১ হাজার ৮৯৫ হেক্টর জমিতে। দ্বিতীয় স্থানে আছে ঈশ্বরদী। এখানে আবাদ হয়েছে ১ হাজার ২৪০ হেক্টর জমিতে। গত বছর প্রায় সমপরিমাণ জমিতে শিম উৎপাদন হয়েছিল ৬৭ হাজার ৬৪০ মেট্রিক টন। চলতি বছর সমপরিমাণ অথবা তার চেয়ে বেশি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। চলতি বছর ভরা মৌসুমে প্রতি মণ শিম বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা দরে। এ অনুযায়ী উৎপাদিত শিম বিক্রি করে কৃষকের আয় হচ্ছে প্রায় ১২৬ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা।
গত শনিবার সরেজমিন আটঘরিয়া উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, মৌসুমের শেষ সময়েও শিম নিয়ে উৎসবে মেতে আছেন চাষিরা। পরিবারের ছোট-বড়, নারী-পুরুষ সবাই ব্যস্ত।
পার ক্ষিদিরপুর গ্রামের আট-দশজন চাষির সঙ্গে কথা বলে জানা যায়, আগে গ্রামগুলোতে শখের বসে অল্প স্বল্প আবাদ হতো। আট-দশ বছর ধরে বাণিজ্যিক ভাবে শিম আবাদ শুরু হয়েছে। অল্প খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন আবাদ বাড়ছে। ফলে স্থানীয়ভাবে এলাকাটির নাম দেওয়া হয়েছে ‘শিম সাগর’।
গ্রামের শিমের মাঠ থেকে সাবিনা খাতুন নামের এক নারী জানান, গত বছরের আগস্ট মাসে আগাম জাতের শিম চাষ দিয়ে তাঁদের ব্যস্ততা শুরু হয়েছিল। অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর পুরো মৌসুম চলছে।
উপজেলার বেরুয়ান গ্রামের শিমচাষি আবদুল মজিদ জানান, এখন মৌসুমের শেষ দিক। ফলে বাজারে শিমের চাহিদা কমে গেছে। তবে এখনো মাঠে প্রচুর শিম রয়েছে। নতুন ফলন হচ্ছে। এভাবেই চলবে চৈত্র মাস (আগামী মার্চ) পর্যন্ত। নতুন উৎপাদিত শিমের কিছু বাজারে দেওয়া হচ্ছে। অন্যগুলো জমিতে রাখা হচ্ছে বিচির জন্য। বাজারে শিমের বিচিরও প্রচুর চাহিদা রয়েছে। ফলে আগামী এক মাস শিমের পরিবর্তে বিচি বিক্রি করা হবে।
মিনা খাতুন নামের অপর এক নারী বলেন, ‘শিম চাষে খাটনি আছে, তয় যহন খ্যাত জুড়ে ফুল ফোটে, তহন পরানডা জুড়ায়ে যায়। শিম বেচে নগদ টাকা পালি তহন আরও শান্তি লাগে। তাই আমরা বছরের ছয় মাস শিম নিয়েই থাকি।’
পার ক্ষিদিরপুর বটতলা শিম বাজার থেকে পাইকারি ব্যবসায়ী রেজাউল করিম জানান, চলতি মৌসুমে তিনিসহ কয়েক শ ব্যবসায়ী পাবনা থেকে শিম সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করছেন। ভরা মৌসুমে প্রতিদিন গড়ে পাবনা থেকে প্রায় ২৫০ ট্রাক শিম দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে। ঢাকা থেকে বড় ব্যবসায়ীরা শিম কিনে রপ্তানি করছেন বিদেশে।
এ প্রসঙ্গে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভূতিভূষণ সরকার প্রথম আলোকে বলেন, ধান চাষে প্রচুর পানির প্রয়োজন হয়। এতে জলবায়ুতে বিরূপ প্রভাব পড়ে। ফলে পাবনা অঞ্চলে ধান চাষ কমিয়ে চাষিদের অন্য ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে।