পাবনায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী লালন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সত্য বল সুপথে চল, ওরে আমার মন’—এ স্লোগানে আজ মঙ্গলবার থেকে পাবনায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী লালন উৎসব। শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করেছে পাবনার লালন স্মৃতি পরিষদ।
এ উৎসবের পৃষ্ঠপোষকতা করছে পাবনার শিল্পপ্রতিষ্ঠান ইউনিভার্সাল ফুড লিমিটেড। লালন স্মৃতি পরিষদ সূত্রে জানা গেছে, উৎসব উপলক্ষে গতকাল সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লালন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জাকির হোসেন, ইউনিভার্সাল ফুড লিমিটেডের মহাব্যবস্থাপক অচিন্ত কুমার ঘোষ ও পাবনা প্রেসক্লাবের সহসভাপতি মুরশাদ সুবহানী।
লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশের লোক সংস্কৃতিকে ফুটিয়ে তোলা ও বাঙালির ধর্মনিরপেক্ষতাবাদী আদর্শের পুরোধা হিসেবে লালনকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।
আজ বিকেল চারটায় ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেনের উৎসবের উদ্বোধনের কথা রয়েছে। দুই দিনব্যাপী অনুষ্ঠানে অতিথি হিসেবে বেসমরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুকের উপস্থিত থাকার কথা রয়েছে।