পাবনায় শুরু হলো জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে গতকাল জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন উদ্বোধন করেন পাবনার প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব রণেশ মৈত্র। আরও উপস্থিত ছিলেন অঞ্জন চৌধুরী (বাঁয়ে), লাইসা আহমদ (মাঝে), লিলি ইসলাম ও শর্মিলা বন্দ্যোপাধ্যায় (ডানে) । ছবি: প্রথম আলো
মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে গতকাল জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন উদ্বোধন করেন পাবনার প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব রণেশ মৈত্র। আরও উপস্থিত ছিলেন অঞ্জন চৌধুরী (বাঁয়ে), লাইসা আহমদ (মাঝে), লিলি ইসলাম ও শর্মিলা বন্দ্যোপাধ্যায় (ডানে) । ছবি: প্রথম আলো

সকালের ঝলমলে রোদে লেগেছে উৎসবের হাওয়া। শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক ও শ্রোতাদের পদচারণে তখন মুখরিত পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণ। মঞ্চে চলছিল যন্ত্রবাদকদের মহড়া। কোনো ঘোষণা ছাড়াই সমবেত কণ্ঠে শুরু হলো ‘ও আমার দেশের মাটি’ গানটি। গান শেষ হতেই সঞ্চালক ভাস্বর বন্দ্যোপাধ্যায় মঞ্চে ডাকলেন অতিথিদের। এরপর ‘আগুনের পরশমণি’ গানের সঙ্গে প্রদীপ প্রজ্বালন করলেন অতিথিরা। শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন ও ৩৩তম বার্ষিক অধিবেশন। আয়োজক জাতীয় রবীন্দ্রসংগীত সমিঞ্চলন পরিষদ। সহযোগিতায় রয়েছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার। সমেঞ্চলন উদ্বোধন করেন পাবনার প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব রণেশ মৈত্র। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সন্জীদা খাতুন। স্বাগত বক্তব্য দেন উৎসবের আহ্বায়ক ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী। আরও বক্তব্য দেন সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক লাইসা আহমদ।
উদ্বোধনী বক্তৃতায় রণেশ মৈত্র বলেন, ‘রবীন্দ্রনাথ ছিলেন মানুষের কবি। তিনি তাঁর সব সৃষ্টিতে মানুষের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন। তিনি দেশের কথা বলেছেন। সারা বিশ্বের কাছে তিনি বাংলা ভাষা ও সাহিত্যকে পরিচিত করেছেন। তিনি আমাদের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছেন।’
অনুষ্ঠানে আসা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অঞ্জন চৌধুরী বলেন, ‘দীর্ঘকাল ধরে পাবনা সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি জেলা। রবীন্দ্রনাথ বহুবার পাবনায় এসেছেন। পাবনার মাটিতে এই অনুষ্ঠানটি হচ্ছে, এটা পাবনাবাসীর জন্য গর্বের বিষয়। সভাপতির বক্তৃতায় সন্জীদা খাতুন বলেন, ‘সংস্কৃতি আমাদের প্রতিদিনের সব কাজকর্মের অংশ। সত্যিকারের মানুষ হতে হলে সব কাজের মধ্যে সংস্কৃতি থাকতে হবে। আমরা এই আয়োজনের মধ্য দিয়ে সেই লক্ষ্যে পৌঁছাতে চাই।’
উদ্বোধনী পর্বে সমবেত কণ্ঠে ‘শুভ কর্মপথে ধরো নির্ভয় গান’ গানটি পরিবেশিত হয়। এরপর দুপুর পর্যন্ত চলে ছায়ানটের পরিবেশনায় গীতিনাট্য।
দুপুরে শিল্পী মিতা হক নবীন শিল্পীদের প্রশিক্ষণ দেন। সন্ধ্যায় আবারও গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয়। আজ শুক্রবার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাচারিবাড়িতে অনুষ্ঠিত হবে প্রীতিসমিঞ্চলন। বিকেলে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে থাকবে ‘কৃষি ও গ্রাম উন্নয়নে রবীন্দ্রনাথ’ শীর্ষক সেমিনার, আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠান। সমেঞ্চলন উপলক্ষে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণকে সাজিয়ে তোলা হয়েছে উৎসবের সাজে। একপাশে চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির প্রদর্শনী। বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বই, সংগীত ও কবিতার সিডি। পাশাপাশি প্রদর্শিত ও বিক্রি হচ্ছে ঐতিহ্যবাহী পাবনার তাঁতপণ্য।