পাবনায় শ্বাসরোধে গৃহবধূ, বগুড়ায় কিশোর খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীর নারিচা গ্রামে গত বুধবার রাতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন হয়েছেন। যৌতুক দাবিতে তাঁকে তাঁর স্বামী শ্বাসরোধ ও নির্যাতন করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই রাতে বগুড়ার সদর উপজেলায় এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে।ঈশ্বরদীতে নিহত গৃহবধূর নাম আমেনা খাতুন ওরফে চুমকি (২১)। তিনি উপজেলার নারিচা গ্রামের খোকন সরদারের স্ত্রী। পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই গৃহবধূর ননদ শেলী খাতুনকে আটক করেছে। গৃহবধূ চুমকির বাবা মিজানুর রহমান জানান, খোকন সরদারের সঙ্গে আড়াই বছর আগে তাঁর মেয়ের বিয়ে হয়। ১৫ দিন আগে খোকন ও তাঁর ভগ্নিপতি আইয়ুব আলী মিলে যৌতুকের জন্য তাঁর মেয়েকে মারধর করেন। চুমকির মা আঞ্জুয়ারা খাতুন অভিযোগ করেন, কয়েক দিন আগে জামাতা খোকনের দাবি অনুযায়ী দেড় ভরি ওজনের দুটি স্বর্ণের বালা দেওয়া হয়। কিন্তু বুধবার খোকন ও তাঁর পরিবারের লোকজন স্বর্ণ কম আছে বলে চুমকিকে শারীরিক নির্যাতন করে গলা টিপে হত্যা করে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। বগুড়ায় নিহত কিশোরের নাম রাকিবুল (১৩)। সে সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদীঘি উজ্জলপাড়ার বজলুর রহমানের ছেলে। সদরের ছোট কুমিড়া গ্রামের একটি ধানখেত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ রাকিবুলের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ ধারণা করছে, বুধবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে মাঠের ধানখেতে রেখে গেছে।