পাবনায় শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা
পাবনার আটঘরিয়া উপজেলার হায়দারপুর গ্রামে আজ বৃহস্পতিবার সকালে রিপন হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাটি কেনা-বেচাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিহত রিপন জেলা শ্রমিক দলের সদস্য ও সদর উপজেলা শ্রমিক দলের সহসভাপতি ছিলেন। তাঁর বাড়ি পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামে।
রিপনের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন পেশায় মাটি ব্যবসায়ী ছিলেন। বিভিন্ন এলাকার পুকুর ও জমি থেকে মাটি কিনে তা বিক্রি করতেন। সম্প্রতি আটঘরিয়া উপজেলার হায়দারপুর গ্রামে একটি জমির মাটি কেনাবেচা নিয়ে স্থানীয় একটি চক্রের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে হায়দারপুর গ্রামে একটি জমি দেখতে যান। ওই জমি থেকে মাটি কেটে অন্যত্র নেওয়ার কথা। এ সময় সেখানে একদল দুর্বৃত্ত গিয়ে অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। তাঁকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও দুই পায়ের রগ কেটে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রিপনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লেনিন আলমগীর প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তার করার কাজ শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য রিপনের লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল গফুর বলেন, ‘রিপন জেলা শ্রমিক দলের সদস্য ও সদর উপজেলা শ্রমিক দলের সহসভাপতি ছিলেন। তিনি একজন সত্ ব্যবসায়ী। কী কারণে এ হত্যাকাণ্ড, তা আমরা এখনো বুঝতে পারছি না। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’