পাবনায় শ্রেণিকক্ষে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার দোগাছি স্কুল অ্যান্ড কলেজে গতকাল মঙ্গলবার দুপুরে শ্রেণিকক্ষে সহপাঠীদের হই-হুল্লোড় ও ধাক্কাধাক্কিতে সজীব হোসেন (১৪) নামের এক শিক্ষার্থী মারা গেছে। সে দোগাছি ইউনিয়নের কায়েমকোলা গ্রামের আসাদ হোসেনের ছেলে। তার হৃদ্রোগ ছিল।
এ ঘটনায় স্থানীয় লোকজন খায়রুল ইসলাম (১৩) নামের সজীবের এক সহপাঠীকে আটক করে পুলিশে দেয়। পরে অবশ্য ছেলেটিকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সজীব। গতকাল দুপুর ১২টার দিকে পাঠদান শেষে শিক্ষক বেরিয়ে গেলে শিক্ষার্থীরা হই-হুল্লোড় ও লাফালাফি শুরু করে। এ সময় সজীব ও খায়রুল কাছাকাছি ছিল। সহপাঠীদের লাফালাফি ও ধাক্কাধাক্কিতে সজীব পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। শিক্ষক ও শিক্ষার্থীরা মাথায় পানি ঢেলে বিভিন্নভাবে সুস্থ করার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই সজীব মারা যায়। এ সময় খায়রুলের ধাক্কায় সজীব পড়ে গিয়ে মারা গেছে বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয় লোকজন খায়রুলকে পুলিশে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন বলেন, ‘ঘটনার সময় শ্রেণিকক্ষে কোনো শিক্ষক ছিলেন না। পাঁচ মিনিটের ক্লাস বিরতিতে ঘটনাটি ঘটে। শিশুটিকে আমরা হাসপাতালে নেওয়ার চেষ্টা করি। কিন্তু তার আগেই সে মারা যায়। তবে কীভাবে সে মারা গেছে, তা পরিষ্কার নয়। কেউ কোনো অভিযোগও করেনি।’
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তবে শিশুটির বাবা আসাদ হোসেন জানিয়েছেন, তাঁর ছেলে হৃদ্রোগে আক্রান্ত ছিল। মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ত। তার অবস্থা ভালো ছিল না বলে চিকিৎসকেরা জানিয়েছিলেন। তাই তিনি ছেলের মৃত্যুতে কাউকে দায়ী করেননি।
ওসি আবদুল্লাহ আরও বলেন, ঘটনার পর অভিযুক্ত খায়রুলকে র্যা বের হেফাজতে রাখা হয়েছিল। তবে কোনো অভিযোগ না আসায় তাকে ছেড়ে দেওয়া হয়।