পাবনায় সংঘর্ষে একজন নিহত আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পিরপুর গ্রামে গতকাল বুধবার সন্ধ্যায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আমজাদ মণ্ডল (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে ১০ জন আহত হন। আমজাদ একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজন জানান, একটি জলাশয়ের দখল নিয়ে গ্রামের জালাল মণ্ডল ও হাছেন মণ্ডল নামে দুই ব্যক্তির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত সোমবার উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে গ্রামের গণি মোল্লার বাড়িতে সালিস বৈঠক বসে। বৈঠকে দুই পক্ষে কথা কাটাকাটি শুরু হলে কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়।
সন্ধ্যা সাতটার দিকে উভয় পক্ষের লোকজন বাড়ি ফেরার পথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে আমজাদ মণ্ডলসহ আরও প্রায় ১০ জন গুলিবিদ্ধ হন। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আমজাদ মারা যান।
আহত অবস্থায় পল্টু হোসেন (৬০), মুকুল হোসেন (২৫), আল আমিন (৩০), ইউনুস হোসেন (৪১), আফসার হোসেন (৪০) ও আজমত হোসেনকে (১৮) পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, ‘জলাশয়ের দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’