পাবনায় সংঘর্ষে নিহত ১
পাবনার ফরিদপুর উপজেলায় গতকাল শুক্রবার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে জাকিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পুঙ্গুলী ইউনিয়নের কেনাই মধ্যপাড়া গ্রামের নবী নেওয়াজ ও নিহত জাকিরুল সম্পর্কে মামা-ভাগ্নে। সাত শতাংশ জমি নিয়ে বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। দুই পক্ষই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করলে আদালত জমিটির ওপর স্থিতাবস্থা জারি করেন। এর পরও জমির বিষয় নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো। গতকাল সকাল নয়টার দিকে জাকিরুল ও তাঁর ভাই বাকিরুল ওই জমির কাছে যান। তাঁদের দেখে নবী নেওয়াজ ও তাঁর ভাই রমজাল আলীও সেখানে যান। এ সময় দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষ বাধে। পরে দুই পক্ষের সমর্থকেরা একে অপরের ওপর লাঠিসোঁটা, দা, কুড়াল ও টেঁটা নিয়ে হামলা চালায়। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই জাকিরুল নিহত হন। এ ছাড়া উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। গুরুতর আহত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর থানার ওসি আকরাম হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।