পাবনায় গতকাল সোমবার জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সদর উপজেলা বিএনপির নেতা ও গয়েশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইব্রাহিম আলী মৃধা হত্যাকাণ্ডের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। ইব্রাহিম মৃধার লাশ গতকাল দাফন করা হয়েছে।সদর উপজেলা বিএনপির সহসভাপতি ইব্রাহিম মৃধার (৪৫) লাশ গত রোববার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা লালনশাহ সেতুসংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, তাঁকে হত্যা করা হয়েছে। আর ক্ষমতাসীন আওয়ামী লীগের মদদে আইনশৃঙ্খলা বাহিনী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে—এমন অভিযোগ তুলে জেলা বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। পরে জামায়াত এ হরতালে সমর্থন দেয়।হরতালের সমর্থনে রোববার সন্ধ্যায় বিএনপির নেতা-কর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল করেন। তবে এরপর আর তাঁদের কোনো তৎপরতা দেখা যায়নি। গতকাল সকাল থেকে শহরের অধিকাংশ দোকান বন্ধ ছিল। বিভিন্ন সড়কে রিকশা, অটোরিকশা চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার যানবাহন চলাচল করেনি। জেলার কোনো এলাকায় হরতাল-সমর্থকদের পিকেটিং, বিক্ষোভ মিছিল বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি অবনতির আশঙ্কায় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। দলীয় সূত্র জানায়, ইব্রাহিম মৃধার লাশ ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যায় কুষ্টিয়া থেকে পাবনায় আনা হয়। রাতে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল সাড়ে নয়টায় সদর উপজেলার পুষ্পপাড়া বিবি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা হয়।