পাবনায় সন্ত্রাসী হামলায় বিএনপির ৪ নেতা আহত
পাবনা শহরের পৈলানপুর এলাকায় গত সোমবার রাতে সন্ত্রাসীরা বিএনপির চার নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে। রাতে প্রথমে তাঁদের পাবনা জেনারেল হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকায় পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এলাকাবাসী এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে এবং ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার জেলা বিএনপির একাংশ শহরে বিক্ষোভ মিছিল করেছে।একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে পাবনা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম, পৌরসভার ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস আলী, সাধারণ সম্পাদক কামাল হোসেন ও কার্যকরী সদস্য মো. আপেল হোসেন শহরের পৈলানপুর এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ৮-১০ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁদের এলোপাতাড়ি কোপায়। এ সময় ওই চারজন রাস্তায় লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে রাতেই দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও দুজনকে ঢাকা কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পরপরই সদর উপজেলার আতাইকুলা গ্রামের মো. সজীব হোসেন নামে এক ব্যক্তি ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকলে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। জেলা বিএনপির একাংশের সভাপতি হাবিবুর রহমান জানান, হত্যার উদ্দেশে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাঁদের ওপর গুপ্ত হামলা চালিয়েছে।