পাবনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক নিহত
পাবনা পৌরসভার দিলালপুর মহল্লায় বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হানিফুল ইসলাম (৩৫) নামের একজন যুবক নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার আটুয়া হাউজপাড়া মহল্লার বাসিন্দা এবং স্থানীয় ইউনিভার্সাল ফুড লিমিটেডের কারখানা সুপারভাইজার। হানিফুলের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হানিফুলের নাইট ডিউটি ছিল। রাত নয়টার দিকে কর্মস্থলের উদ্দেশে তিনি বাড়ি থেকে বের হন। পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি দৌড়ে ইউনিভার্সাল ফুডের কারখানা ফটকে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। কারখানার শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণ পর তিনি মারা যান।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন বলেন, সুরতহাল প্রতিবেদনে হানিফুলের শরীরে বেশ কিছু ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রচুর রক্তক্ষরণে তিনি মারা গেছেন। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে কেউ তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। লাশ ময়নাতন্ত শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।