পাবনায় সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর বাজার ও আশপাশের গ্রামবাসী স্থানীয় একটি সন্ত্রাসী চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই সন্ত্রাসের প্রতিবাদে গতকাল সোমবার স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন একত্র হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বিক্ষোভে যোগ দেন। পরে তাঁরা স্থানীয় শিবপুর বাজারে মানববন্ধন করেন।

এলাকাবাসীর অভিযোগ, আশপাশের এলাকা থেকে তাঁদের এলাকায় সন্ত্রাসী চক্র আনাগোনা করে। তাদের সঙ্গে মিলে স্থানীয় যুবক আলিম, শাহজাহান, কালাম একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। এই বাহিনী বেশ কিছুদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। তারা শিবপুর বাজার, বগদি পাড়া, গুরুবাসী ও গোয়ালিয়া গ্রামের সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায় করছে। চাঁদা না দিলে মারধরসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে। বিশেষ করে, ব্যবসায়ীরা তাদের চাঁদাবাজির শিকার হচ্ছে। কয়েক দিন ধরে চক্রটি বাজারের ইজারাদার রাজিব হোসেনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করছে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সন্ত্রাসীরা বাজারে তিন-চার দিন আগে অস্ত্রসহ মহড়া দিয়েছে। এ সময় কয়েকজনকে মারপিটও করেছে।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত আলিমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

ব্যবসায়ীদের দাবি, তাঁরা কয়েক দফা বিষয়টি আটঘরিয়া ও আতাইকুলা থানা-পুলিশকে জানিয়েছেন। লিখিতভাবে অভিযোগও দিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা আন্দোলনে নেমেছেন।

স্থানীয় ব্যবসায়ী আনিসুর রহমান জানান, এই সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে প্রতিটি মানুষ অতিষ্ঠ। তারা যখন-তখন মানুষকে মারপিট করছে। বাড়ির গাছ কেটে নিচ্ছে। কিছুতেই তাদের থামানো যাচ্ছে না।

একদন্ত ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আমির উদ্দিন বলেন, ‘সন্ত্রাসীদের অত্যাচারে মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তাই তারা রাস্তায় নেমেছে। আমরা অবিলম্বে এর প্রতিকার চাই। তা না হলে মানুষ অতিষ্ঠ হয়ে নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবে।’

রাসেল রহমান নামের এক যুবক বলেন, পুলিশ এলাকায় এলেই সন্ত্রাসীরা আত্মগোপন করে। পুলিশ ফিরে গেলেই আবার স্বরূপে ফিরে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে একদন্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইসমাইল সরদার বলেন, ‘এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টি পুলিশকে অবগত করেছি। পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।’

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘আমরা স্থানীয় লোকদের অভিযোগের সূত্র ধরে সন্ত্রাসীদের শনাক্ত করার চেষ্টা করছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আশা করছি আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’