রাজবাড়ীর পাংশা উপজেলার চর রামনগর গ্রামে বাউল সাধকদের চুল ও গোঁফ কেটে নির্যাতন করার প্রতিবাদে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রোববার পাবনায় বিক্ষোভ মিছিল এবং মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।জানা গেছে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের পাবনা জেলা শাখা গতকাল বেলা ১১টার দিকে জেলার প্রেসক্লাব মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি বিপ্লব ভট্টাচার্য। বক্তারা বলেন, ফতোয়াবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।এদিকে ‘বাউল বাঁচাও, সংস্কৃতি বাঁচাও, রুখো অন্যায়-অবিচার’ স্লোগান নিয়ে গতকাল মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে বাউল সংহতি পরিষদ মানববন্ধন করেছে। জেলার বিশিষ্ট ব্যক্তি ও সাংস্কৃতিক কর্মীরা এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।