পাবনায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ২
পাবনায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে শহরের রাধানগর যুগীপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃত দুই যুবক হলেন বাবু হোসেন (৩০) ও ষষ্ঠী যুগী (২৮)। তাঁদের বাড়ি ওই এলাকায়।পাবনার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করা হয়েছে। সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত চলছে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘দুই যুবককে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ব্যাপারে কাল মঙ্গলবার (আজ) সিদ্ধান্ত নেবে পুলিশ।’ এদিকে, সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত রোববার সকালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা ‘সচেতন ছাত্রছাত্রী’র ব্যানারে শহরে মানববন্ধন করে। একই দিন সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব এক জরুরি সাধারণ সভা শেষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেঞ্চদ উল হক বলেন, মাত্র কয়েক দিনের ব্যবধানে পাবনায় দুজন সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হলেন। এসব ঘটনায় স্থানীয় সাংবাদিকেরা আতঙ্কিত হয়ে পড়েছেন।গত শনিবার এনটিভি ও সমকাল পত্রিকার পাবনার নিজস্ব প্রতিবেদক এ বি এম ফজলুর রহমানকে সংবাদসংক্রান্ত তথ্য দেওয়ার কথা বলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছার পর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় একটি মামলা করেছেন।