অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের সাবেক চার কর্মকর্তা-কর্মচারীসহ ১১ জনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত পাবনা ও সিরাজগঞ্জ জেলার উপপরিচালক মো. আবদুল গাফফার বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সদর থানায় মামলাগুলো করেন।মামলার আসামিরা হচ্ছেন অধিদপ্তরের অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তা নূরুন্নাহার বেগম ও কানিজ রসুল, সাবেক অফিস সহকারী মো. আবদুল আলীম, এমএলএসএস রিমা খাতুন, ফরিদা বেগম, হীরা খাতুন, ফরিদা খাতুন, পারুল আক্তার, জয়নব খাতুন, হালিমা খাতুন ও মো. আবদুর রাজ্জাক।মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা বেশ কিছু ভুয়া সমিতি তৈরি করে বিভিন্ন সময়ে সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়া এক লাখ ৯৩ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেছেন। দুদক তদন্ত করে বাস্তবে এসব সমিতির কোনো অস্তিত্ব পায়নি।উপপরিচালক মো. আবদুল গফফার জানান, প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এ প্রসঙ্গে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহনাজ বেগম বলেন, ‘যাঁদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে, তাঁরা অনেক আগেই অবসর নিয়েছেন। এ বিষয়ে আমার কিছু জানা নেই।’এদিকে আসামিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।