পাবনায় সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের কিং-বদন্তি নায়িকা ও পাবনার মেয়ে সুচিত্রা সেনের স্মৃতি ধরে রাখতে আজ শুক্রবার থেকে পাবনায় শুরু হচ্ছে সপ্তাহব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব। ইউনিভার্সাল ফুড লিমিটেড ও রূপকথা সিনেমার পৃষ্ঠপোষকতায় এ উৎসবের আয়োজন করেছে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ।শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চে আজ বিকেল চারটায় উৎসবের উদ্বোধন করবেন নায়করাজ রাজ্জাক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চিত্রনায়ক উজ্জ্বল, কবি সোহানী হোসেন, চিত্রনায়িকা দিতি ও নায়ক সম্রাট। গতকাল বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।উদ্বোধনী অনুষ্ঠানে সুচিত্রা সেন অভিনীত পথে হলো দেরী চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এরপর প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে সুচিত্রা সেন অভিনীত আলো আমার আলো, ইন্দ্রনী, সূর্য তরুণ, দেবদাস (হিন্দি), কমল লতা, রাজলক্ষ্মী শ্রীকান্ত ও বিপাশা প্রদর্শিত হবে। এ ছাড়া প্রতিদিনের অনুষ্ঠানে ‘সত্তর দশকের বাংলা চলচ্চিত্র ও বর্তমান চলচ্চিত্রের প্রেক্ষাপট’ বিষয়ে থাকবে মুক্ত আলোচনা।সুচিত্রা সেনের দাদার বাড়ি ছিল পাবনার সুজানগরে। তাঁর বাবা করুণাময় দাস গুপ্ত সুজানগর থেকে পাবনা সদরের গোপালপুর মহল্লায় একটি একতলা বাড়ি কিনে বসবাস শুরু করেন। ওই বাড়িতেই কাটে সুচিত্রার শৈশব-কৈশোর। তিনি পাবনার মহাকালী পাঠশালায় (বর্তমান টাউন গার্লস হাইস্কুল) নবম শ্রেণী পর্যন্ত পড়েছেন। ১৯৪৭ সালে দেশবিভাগের পর তিনি পাবনা ছাড়েন।