পাবনায় সুচিত্রা সেনকে নিয়ে স্মরণিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সুচিত্রা সেনকে নিয়ে একটি স্মরণিকা প্রকাশ করেছে পাবনা জেলা প্রশাসন। গতকাল সোমবার সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িতে এর মোড়ক উন্মোচন করা হয়।
সকাল সাড়ে ১০টায় বাড়িটির আঙিনায় জেলা প্রশাসন এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে। স্মরণিকাটির নাম পাবনার সুচিত্রা চলচ্চিত্রের কিংবদন্তি। জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান ও মনোয়ার হোসেন এবং যোগাযোগ গবেষক মনোরঞ্জন মণ্ডল।
মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সুচিত্রা সেন পাবনার গর্ব, অহংকার। সুচিত্রা বলতে এখনো চোখের সামনে ভেসে ওঠে অনিন্দ্যসুন্দর মুখ, ডাগর চোখ। স্মৃতিতে উজ্জ্বল সপ্তপদীর রীনা ব্রাউন, ইন্দ্রানী ছবির ইন্দ্রানী, দীপ জ্বেলে যাই-এর রাধাসহ সব চরিত্রেই তিনি ছিলেন অদ্বিতীয় ও অনন্যা।
মনোয়ার হোসেন বলেন, পাবনার এই বাড়িটি একসময় নানা ফুল-ফলের বৃক্ষে সজ্জিত ছিল। এই বাড়ির আঙিনাতেই সুচিত্রা সেন নেচেছেন, গেয়েছেন। অযত্ন-অবহেলায় বাড়িটি রূপ হারিয়েছিল। আবার সে রূপ ফিরতে শুরু করেছে। এটা আনন্দের খবর।
জেলা প্রশাসক রেখা রানী বালো বলেন, মহানায়িকার স্মৃতি ধরে রাখতে জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যার ধারাবাহিকতায় তাঁর বাড়িটিতে স্বল্প পরিসরে হলেও সংগ্রহশালা করা হয়েছে। একটি স্মরণিকা প্রকাশিত হলো। ভবিষ্যতে চলচ্চিত্র উৎসবসহ আরও কিছু কাজ করা হবে।
আলোচনা শেষে অতিথিরা স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন। এটি সম্পাদনা করেছেন জেলা প্রশাসক রেখা রানী বালো। ৫৬ পৃষ্ঠার এ স্মরণিকায় সুচিত্রা সেনকে নিয়ে স্মৃতিচারণার পাশাপাশি রয়েছে বিশিষ্টজনদের বাণী, সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের ছবি ও সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের তালিকাসহ খুঁটিনাটি।
পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি। এই বাড়িতে তিনি মা-বাবা ও ভাইবোনের সঙ্গে শৈশব ও কৈশোর কাটিয়েছেন। ১৯৪৭ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে কলকাতায় চলে যান। ১৯৮৭ সাল থেকে ইজারার মাধ্যমে বাড়িটি দখলে নেন জামায়াত নেতারা। ২০১৪ সালে বাড়িটি দখলমুক্ত হয়। বর্তমানে এটি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে ‘মহানায়িকা সুচিত্রা সেন সংগ্রহশালা’ হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে।