পাবনায় সুচিত্রা সেনকে স্মরণ

প্রথম প্রয়াণ দিবসে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে পাবনাবাসী। দিবসটি পালন উপলক্ষে গতকাল শনিবার দুপুরে জেলার অন্যতম নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেল ও সন্ধ্যায় সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ স্মরণসভা করে।
দুপুর ১২টা ১ মিনিটে শহরের আওরঙ্গজেব সড়কে ড্রামা সার্কেল কার্যালয়ে সুচিত্রা সেনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, প্রদীপ প্রজ্বালন ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পাবনা ড্রামা সার্কেলের আজীবন সদস্য সিরাজুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক, সাধারণ সম্পাদক রাম দুলাল ভৌমিক, পাবনা প্রেসক্লাবের সহসভাপতি মুরশাদ সুবহানী প্রমুখ।
এরপর সন্ধ্যা ছয়টায় সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এক নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি এম সাইদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলার সুধীজন ও সাংস্কৃতিক সংগঠকেরা।
সুচিত্রা সেনের জন্ম ১৯৩১ সালের ৬ এপ্রিল। পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে তাঁর পৈতৃক বাড়ি। এই বাড়িতে তিনি বাবা-মা ও ভাইবোনদের সঙ্গে শৈশব-কৈশোর কাটিয়েছেন। ১৯৬০ সালে তাঁর বাবা করুণাময় দাশগুপ্ত পরিবার নিয়ে কলকাতায় চলে যান।