পাবনায় সুচিত্রা সেনকে স্মরণ
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার পাবনায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা ও পাবনার কন্যা সুচিত্রা সেনের তৃতীয় প্রয়াণদিবস পালিত হয়েছে। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদ এসব অনুষ্ঠানের আয়োজন করে।
স্মরণসভায় বক্তারা পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে তাঁর নামে একটি প্রতিষ্ঠান তৈরি করার দাবি জানান।
সকালে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে টাউন গার্লস হাইস্কুলে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা পর্বে স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষক এ কে এম শওকত আলী খান, পাবনা প্রেসক্লাবের সহসভাপতি আখতারুজ্জামান প্রমুখ।
একই সময়ে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভার আয়োজন করে সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদ।