পাবনায় স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার ভগীরতপুর গ্রাম থেকে গতকাল মঙ্গলবার মো. লাদেন হোসেন নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।নিহত লাদেন (১০) ভগীরতপুর গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে এবং ভগীরতপুর মধ্যপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার বিকেলে স্কুল থেকে ফিরে লাদেন বাড়ির পাশের একটি খেত থেকে টমেটো তুলতে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। গতকাল বেলা দুইটার দিকে অন্য একটি খেতে লাদেনের লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন প্রথম আলোকে বলেন, লাদেনের গলায় গামছা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, গামছা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।