পাবনায় স্কয়ার পরিবারের মিলনমেলা

মাঘের শেষ দিন। বসন্ত ছুঁই ছুঁই মন। রঙিন সাজে চারপাশ। শিশু-বৃদ্ধ, নারী-পুরুষ উৎফুল্ল সবাই। খেলাধুলা, গল্প, হাসি-আনন্দ। এ যেন মালিক, শ্রমিক ও কর্মচারীদের মহা মিলনোৎসব।
বর্ণাঢ্য ও সৌহার্দ্যপূর্ণ এমন আয়োজনে গতকাল শুক্রবার দিনব্যাপী পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে হয়ে গেল দেশের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের ফ্যামিলি স্পোর্টস ডে। এতে পাবনায় কর্মরত স্কয়ার পরিবারের ২৫ হাজার কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের মিলিয়ে প্রায় ৪৫ হাজার লোক অংশ নেন।
সকালে স্কয়ার পরিবারের সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সূচনা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা ও স্কয়ার গ্রুপের পতাকা উত্তোলন করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আবাসিক উপদেষ্টা দবির উদ্দিন আহমেদ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক আবদুল খালেক। বেলুন উড়িয়ে ফ্যামিলি স্পোর্টস ডের উদ্বোধন করেন স্কয়ার পরিবারের প্রবীণতম সদস্য শহীদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সাইফুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল পাবনা জেলা ইউনিটের কমান্ডার হাবিবুর রহমান, স্কয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বজলুর রশিদসহ স্থানীয় সুধীজনেরা।
দিনব্যাপী এই আয়োজনে দৌড়, লং জাম্প, গোলক নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজোসহ ৩৪টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে উপস্থিত অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ চৌধুরী বিশাল এই পরিবারের সদস্যদের সম্পর্কের সেতুবন্ধ রচনার লক্ষ্যে ২০০১ সাল থেকে ফ্যামিলি স্পোর্টস ডে আয়োজন শুরু করেন। সেই থেকে প্রতিবছর দিবসটি পালিত হচ্ছে।