পাবনায় স্কয়ারের এক কর্মকর্তার লাশ উদ্ধার
পাবনা শহরের শালগাড়ীয়া হাসপাতাল সড়কের একটি বাড়ি থেকে গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে। তাঁর নাম মো. মনিরুজ্জামান (৩৫)। তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সহকারী ভাণ্ডার ব্যবস্থাপক ছিলেন। শালগাড়ীয়া হাসপাতাল সড়কের কয়েকজন বাসিন্দা জানান, মনিরুজ্জামান তিনতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে একাই থাকতেন। গত কয়েক দিন তিনি বাসা থেকে বের হননি। গতকাল সকালে তাঁর ফ্ল্যাটের পেছনের জানালা দিয়ে দুর্গন্ধ বের হতে থাকে। এলাকাবাসী বিষয়টি স্কয়ার কর্তৃপক্ষ ও পুলিশকে জানায়। দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে ওই ফ্ল্যাটের দরজা ভেঙে শয়ন কক্ষের খাটের ওপর থেকে লাশ উদ্ধার করে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, তিন থেকে চার দিন আগে মনিরুজ্জামানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার পর লাশটি বিছানার ওপর কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছিল। নিহত ব্যক্তির মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালক গোলাম রব্বানী জানান, মনিরুজ্জামান সর্বশেষ অফিস করেছেন গত বৃহস্পতিবার। এলাকাবাসী ও পুলিশের মাধ্যমে তাঁরা তাঁর লাশ পাওয়ার কথা জানতে পারেন। গোলাম রব্বানী বলেন, মনিরুজ্জামান ব্যক্তি হিসেবে খুব ভালো ছিলেন। কর্মস্থলে তাঁর সুনাম ছিল। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের খুঁজে বের করার দাবি জানাচ্ছি।