পাবনায় স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী হত্যার দায়ে গত সোমবার রাতে পাবনার জেলা কারাগারে মো. সোলায়মান শেখ (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তাঁর বাড়ি জেলার বেড়া উপজেলার চরদাতিয়া গ্রামে। রাত ১১টা এক মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হয়।জানা গেছে, সোলায়মান ঢাকার গাজীপুরে সানি স্পিনিং মিলে কাজ করতেন। ১৯৯৫ সালে তিনি নিজ গ্রামের সোহরাব হোসেনের মেয়ে শাহানা খাতুনকে ভালোবেসে বিয়ে করেন। কিন্তু শাহানার পরিবার এ বিয়ে মেনে নেয়নি। তিনি স্ত্রীকে নিয়ে গাজীপুরের মৌচাকে বসবাস শুরু করেন। দুই বছর পর শাহানার পরিবার তাঁদের বিয়ে মেনে নিলে সোলায়মান স্ত্রীসহ শ্বশুরবাড়িতে চলে আসেন। সেখান থেকেই সোলায়মানের সঙ্গে স্ত্রী শাহানার কলহ শুরু হয়। জেলা কারাগার সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ১০ মে শাহানাকে পিটিয়ে হত্যা করেন সোহরাব। ঘটনার পরদিন নিহত শাহানার বাবা বাদী হয়ে সোহরাবকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ২০০৪ সালের ১০ অক্টোবর আদালত সোলায়মানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন। এ সময় সোলায়মানের পরিবার উচ্চ আদালতে আপিল করলে আদালত ফাঁসির আদেশ বহাল রাখেন।পাবনার জেল সুপার এনামুল হক বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের সময় পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, সিভিল সার্জন খলিলুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল মঙ্গলবার সোলায়মানের চাচা নুরুল ইসলাম, ভাই আবদুস সবুর ও ভাবি নাসিমা বেগম তাঁর লাশটি গ্রহণ করেন।