পাবনার বেড়া ও ফরিদপুরে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমন দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত ও একই পরিবারের নয় সদস্য আহত হয়েছেন।বেড়া উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ইউসুফ মোল্লা (৫২) ও তাঁর স্ত্রী জাহানারা খাতুন (৪৫)। দুর্ঘটনায় তাঁদের পরিবারের নয় সদস্য আহত হন। তাঁদের বাড়ি উপজেলার রূপপুর ইউনিয়নের দড়ি-শরীফপুর গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দড়ি-শরীফপুর গ্রামের ওই পরিবারটি গতকাল নছিমনে চড়ে উপজেলার সিংহাসন গ্রামে দাওয়াত খেতে যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে কাশীনাথপুর-কাজীরহাট সড়কের আমজাদ মোড় নামক স্থানে নছিমনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি নছিমনের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ওই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনাটি দুঃখজনক। সড়কে নছিমন-করিমনের চলাচল অবৈধ। এগুলোর চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফরিদপুর উপজেলার ডেমরা বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে বৃহস্পতিবার দুপুরে এক নারী নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত নারীর নাম নাজমুন্নাহার (৩২)। তিনি উপজেলার শ্রীগোবিন্দপুর গ্রামের আবদুল ওয়াদুদের স্ত্রী। আহত ব্যক্তিরা হলেন আবদুল ওয়াদুদ (৩৫) ও অটোরিকশার চালক সাঁথিয়া উপজেলার ছোট পাঠাইলহাট গ্রামের ঠান্টু হোসেন (২৫)।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফরিদপুর-বাঘাবাড়ী সড়কের ডেমরা বাজার এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে একটি অটোরিকশার সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।ফরিদপুর থানার ওসি এস এম ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।