পাবনায় হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা সদরে একটি হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পাবনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা এ রায় দেন।
দণ্ডিত ব্যক্তিরা হলেন জেলা শহরের শালগাড়িয়া মহল্লার স্বপন বসাকের ছেলে সৌহার্দ্য বসাক, অনিল কুমারের ছেলে মানিক কুমার, আবদুল জলিল দিপুর ছেলে আমিনুল ইসলাম, নারায়ণ কুমার দাসের ছেলে তাপস কুমার দাস ও পাবনা সদর উপজেলার মালিগাছা গ্রামের ইছহাক আলীর ছেলে ইমরান হোসেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৬ আগস্ট পাবনা সদরের শালগাড়িয়া মহল্লার জীবন কুমার সূত্রধরকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরদিন জীবনের বাবা দুলাল চন্দ্র সূত্রধর বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা করেন। থানা-পুলিশ ওই বছরের ১১ ডিসেম্বর সাতজনের নাম উল্লেখ করে অভিযোগপত্র জমা দেয়। শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আদালত রায় ঘোষণা করেন।