পাবনায় হরতাল ডেকে পরে প্রত্যাহার
পাবনার চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অপসারণের দাবিতে ডাকা হরতাল প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগের একাংশ। পৌর নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থীর সমর্থকেরা আজ বৃহস্পতিবার উপজেলায় এ হরতাল ডেকেছিলেন।
নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্যমতে, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌর নির্বাচনে চাটমোহর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন।
স্থানীয় লোকজন ও দুই অংশের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনের পর গত ২৬ জানুয়ারি চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) (এসি ল্যান্ড) বিরুদ্ধে ভোট চুরি, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ তুলে তাঁদের প্রত্যাহারের দাবি করেন সাখাওয়াত হোসেনের সমর্থকেরা। এ সময় তাঁরা ঘোষণা দেন, ৩ ফেব্রুয়ারির মধ্যে দাবি অনুযায়ী ওই দুইজনকে প্রত্যাহার করা না হলে ৪ ফেব্রুয়ারি চাটমোহরে হরতাল হবে।
এদিকে এই হরতাল কর্মসূচির বিরুদ্ধে গত মঙ্গলবার দুপুরে চাটমোহর ডিগ্রি কলেজ মাঠে পাল্টা সমাবেশ করেন নবনির্বাচিত মেয়র মির্জা রেজাউল করিমের সমর্থকেরা। তাঁরা এ হরতালকে প্রতিহত করার ঘোষণা দেন।
সরকারি দলের দুই অংশের পাল্টাপাল্টি ঘোষণায় উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছিল। পরে গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সঙ্গে বৈঠক করে।
সাখাওয়াত হোসেন বলেন, বৈঠকে ওই দুই বিতর্কিত কর্মকর্তাকে প্রত্যাহারের আশ্বাস দেওয়া হয়েছে। তাই তাঁরা পূর্ব ঘোষণা অনুযায়ী ডাকা হরতাল পরে তুলে নেন।
পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, ওসির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দেখা হবে।