পাবনায় ১০০ কম্বল বিতরণ

বিশ্ব ভালোবাসা দিবসে পাবনার ঈশ্বরদীতে অসহায় মানুষের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিল প্রথম আলো ট্রাষ্ট। জেলার দরিদ্র অথচ মেধাবী ৪০ শিক্ষার্থীসহ দুস্থ ও প্রতিবন্ধী ১০০ জনের মধ্যে গতকাল রোববার প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। কম্বলগুলো সরবরাহ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক।
কম্বল বিতরণের জন্য দুপুরে ঈশ্বরদী ডাকবাংলো মাঠে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ টিচার্স ফোরামের সাধারণ সম্পাদক খায়রুল কবির, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পোলট্রি খামারি আকমল হোসেন, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক শেখ মহসীন, বন্ধুসভার সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক আজিজুল হাকীম প্রমুখ।
বন্ধুসভার সদস্যরা কয়েক দিন ধরে বিভিন্ন এলাকার দুস্থ ও গরিব মেধাবী শিক্ষার্থীদের তালিকা তৈরি করে তাদের হাতে স্লিপ তুলে দেন। গতকাল সেই স্লিপ অনুযায়ী কম্বলগুলো বিতরণ করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বন্ধুসভার সদস্যরা।