পাবনায় ২৭৭ মণ ভেজাল গুড় জব্দ
পাবনার বেড়া ও সাথিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০ লাখ ঘনফুট কারেন্ট জাল ও ২৭৭ মণ ভেজাল গুড় জব্দ করা হয়েছে। একই সঙ্গে কারেন্ট জাল ব্যবহার ও ভেজাল গুড় বিক্রির দায়ে ছয় ব্যবসায়ীকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন কবির। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ সদস্যরা এ অভিযানে অংশ নেন। অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম উদ্দিন কবির জানান, জেলার বিভিন্ন নদ-নদী থেকে কারেন্ট জাল দিয়ে জাটকা ও পোনামাছ নিধন করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে কারেন্ট জাল জব্দ করার জন্য এ অভিযান চালানো হয়। জানা গেছে, বেড়া পৌরসভা বাজারের নবদীপ, অলক, ঈশ্বর হাওলাদার ও সুশান্ত তালুকদারের গুদাম থেকে ১০ লাখ ঘনফুট কারেন্ট জাল জব্দ করা হয়। আদালত এই কারেন্ট জাল মজুদ ও বিক্রির অপরাধে তাঁদের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন। বুধবার দুপুরে পাবনা শহরের তাড়াশ ভবন চত্বরে এ জাল পুড়িয়ে ফেলা হয়।একই দিন সাথিয়া উপজেলার করমজা চতুর বাজার এলাকার মো. মামুন ও সানোয়ার হোসেনের গুদাম থেকে প্রায় ২৭৭ মণ (১১ হাজার ৬০ কেজি) ভেজাল গুড় জব্দ করা হয়। আদালত ভেজাল গুড় বিক্রির অপরাধে এই দুই ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন।