পাবনায় ৪০ হাজার তাঁতকল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগে তাঁতের কাম করতেম। এ কাম করে সুংসার চলে না, তাই বাদ দিছি। এহন ব্যাটারি গাড়ি চালাই।’ পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত গ্রামের মো. আসাদ আলী তাঁর পৈতৃক পেশা পরিবর্তনের কারণ এভাবেই প্রকাশ করেন। তাঁর মতো জেলার বহু তাঁতশ্রমিক এখন অন্য কাজ করে সংসার চালাচ্ছেন।তাঁতিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই বছরে সুতার দাম অস্বাভাবিক বৃদ্ধি ও তৈরিপণ্যের দাম কমে যাওয়ায় জেলার ছয়টি উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় ৪০ হাজার হস্তচালিত তাঁতকল বন্ধ হয়ে গেছে। এ কারণে পেশা বদল করেছে প্রায় ৫০ হাজার মানুষ। যাঁরা পৈতৃক পেশা আঁকড়ে ধরে এখনো তাঁতকল চালু রেখেছেন, তাঁরাও দেনায় জর্জরিত। সুতা আমদানিকারক ও স্থানীয় সুদ ব্যবসায়ী চক্রের কাছে তাঁরা জিম্মি হয়ে আছেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ১২টি ইউনিয়নের ৪৪টি গ্রামের অধিকাংশ বাড়িতে ১০-১৫টি করে হস্তচালিত তাঁতকল থাকলেও চালু রয়েছে দুই থেকে তিনটি।সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কায়েমকোলা গ্রামের মো. আনোয়ার হোসেন জানান, ২০০৩ সালে পৈতৃক সূত্রে তিনি চারটি তাঁতকলের মালিক হন। ব্যবসা করে আরও তিনটি যোগ করেন। সাতটি তাঁতকলে প্রতি মাসে তিনি ১৮ হাজার থেকে ২২ হাজার টাকা রোজগার করতেন। কিন্তু বর্তমানে কারিগরদের বেতন দিয়ে যা অবশিষ্ট থাকছে, তা দিয়ে তাঁর সংসারই চলে না। ফলে তিনি পাঁচটি তাঁত বন্ধ করে দিয়েছেন।একই গ্রামের প্রান্তিক তাঁতি মো. হিতু মিয়া বলেন, ‘রাত-দিন কাম হরেও দিনা সোদ করবের পারতেছিনে। লুঙ্গি বুনায়ে যা কামাই করি, তা সুতের দোহানে দিয়ে আসতি হয়। এ কাম হরে আর সুংসার চলবিনানে, অন্য কিছু করবের ভাবতেছি।’গয়েশপুর ইউনিয়নের জালালপুর গ্রামের রতন শেখ জানান, দুই বছরে সুতার দাম প্রায় দ্বিগুণ হয়েছে। কিন্তু তৈরি কাপড়ের দাম একটুও বাড়েনি। আগে ১৭০ টাকা খরচ করে প্রতিটি লুঙ্গি ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হয়েছে। এখন ২০০ থেকে ২১০ টাকা খরচ করেও একই দামে তা বিক্রি করতে হচ্ছে। পরিবহন খরচ ও পারিশ্রমিক বাদ দিলে তাঁতিদের কোনো লাভই থাকছে না। পাবনার পাইকারি সুতা ব্যবসায়ী ও হামিদা টুইস্টিং মিলের মালিক আলহাজ বাদশা মিয়া বলেন, ‘গত বছর প্রতি পাউন্ড ৮০ ক্রাউন সুতা ১৫০ থেকে ১৭০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু এ বছর একই সুতার দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ১৯৫ থেকে ২০০ টাকা। অন্যদিকে প্রতি বান্ডিল প্রসেস সুতা গত বছর এক হাজার ৬০০ থেকে এক হাজার ৭০০ টাকায় বিক্রি হলেও এ বছর তার দাম হয়েছে দুই হাজার ৩৮০ থেকে দুই হাজার ৪০০ টাকা।’তাঁতপণ্যের সবচেয়ে বড় বাজার আতাইকুলা হাটের ইজারাদার কোরবান আলী বিশ্বাস বলেন, ‘দুই বছর আগেও হাটে পাইকার ও খুচরা ব্যবসায়ীদের জায়গা দেওয়া যেত না। এক দিনের হাট তিন দিন থেকে পাঁচ দিন পর্যন্ত চালাতে হতো। কিন্তু বর্তমানে হাটে ক্রেতা-বিক্রেতা অনেক কমে গেছে।’ হাটের পাইকারি ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘এখন তাঁতপণ্যে খুব বেশি লাভ করা যায় না। তাই ব্যবসার পরিধি কমছে।’জেলা তাঁতী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সম্রাট শাহজাহান বলেন, ‘দুই বছর আগেও জেলায় প্রায় ৮০ হাজার হস্তচালিত তাঁতকল চালু ছিল। এ বছর তা অর্ধেকে নেমে এসেছে। দেনার দায়ে তাঁতিরা তাঁতকল বন্ধ করে অন্য পেশার দিকে ঝুঁকছেন। যাঁদের তাঁতকল এখনো চলছে, তাঁরা পৈতৃক পেশা ধরে রাখতেই এ কাজ করে যাচ্ছেন। তবে প্রত্যেকেই সুতার মহাজন ও স্থানীয় সুদ ব্যবসায়ীদের কাছে বহু টাকা দেনা হয়ে পড়েছেন।’সমিতির সভাপতি আকমল মুন্সি প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সুতার বাজার কিছু আমদানিকারকের কাছে জিম্মি রয়েছে। তাঁরা ফায়দা লোটার জন্য প্রতিনিয়ত সুতার দাম বাড়াচ্ছেন। সরকার এই চক্রকে নিয়ন্ত্রণ না করলে অচিরেই দেশের তাঁতশিল্প ধ্বংস হয়ে যাবে।’