পাবনায় ৫০ স্থানে অবাধে মাদক বেচাকেনা, সেবন
পাবনা শহরসহ জেলার বিভিন্ন উপজেলার ৫০টি স্থানে অবাধে মাদকদ্রব্য বেচাকেনা ও সেবন চলছে। এতে ওই সব স্থান ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, ২০১১ সালের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ১১টি ছিনতাই, ৮৮টি চুরি ও ১১২টি মাদকের মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ১২২ জন মাদক বিক্রেতা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গত ছয় মাসে পুলিশ প্রায় ২৫২টি অভিযান চালিয়ে ৩৩৮ জন মাদক বিক্রেতা ও সেবনকারীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্র জানায়, হেরোইন বেচাকেনা ও সেবন চলে জেলা শহরের চারটি ও ঈশ্বরদী উপজেলার তিনটি স্থানে। ফেনসিডিল বেচাকেনা ও সেবন চলে শহরের পাঁচটি ও ঈশ্বরদীর চারটি এলাকায়। গাঁজা বেচাকেনা হয় জেলা শহরের চারটি, সাঁথিয়ার দুটি; ঈশ্বরদী, চাটমোহর ও ভাঙ্গুড়ার একটি করে স্থানে। এসব স্থানের আশপাশের কিছু এলাকাতেও অবাধে মাদক বেচাকেনা চলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় মাদক বেচাকেনার স্থানগুলোর নাম জানালেও স্পর্শকাতর বিধায় সে তালিকা প্রকাশ করেনি।মাদক মামলায় গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পাওয়া কয়েকজন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে যাঁরা গ্রেপ্তার হন, তাঁরা সবাই খুচরা বিক্রেতা। কোনো অভিযানেই বড় বিক্রেতাদের খোঁজা হয় না। তাঁদের কেউ কখনো গ্রেপ্তারও হননি। অভিযোগ প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের উপপরিচালক পরিতোষ কুমার কুণ্ডু বলেন, ‘বহু সীমাবদ্ধতার মধ্য দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত হয়। ২৭ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আমাদের রয়েছে মাত্র ১৬ জন। অভিযান পরিচালনার জন্য পরিবহনব্যবস্থা নেই বললেই চলে।’এদিকে পাবনা সদর উপজেলার দিলালপুর মহল্লা, ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা বাজার, চাটমোহর বাজার ও বেড়া উপজেলা সদরে চারটি অনুমোদিত দেশি মদের দোকান রয়েছে। এসব দোকান থেকে মুচি, মেথর, ডোম ও আদিবাসী সম্প্রদায়ের এক হাজার ১০০ জন অনুমোদিত ব্যক্তি (পারমিট হোল্ডার) মাদক গ্রহণ করতে পারেন। চাটমোহর বাজারের ব্যবসায়ী নারায়ণ বিশ্বাস অভিযোগ করেন, লাইসেন্সধারী এসব দোকান থেকে নির্ধারিত ব্যক্তিদের মদ কেনার কথা থাকলেও তাঁদের খুব একটা দেখা যায় না। অপ্রাপ্ত বয়স্ক লোকজন ও পেশাদার মাদকসেবীরাই এখন এসব দোকানের ক্রেতা। অভিযোগের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের উপপরিচালক পরিতোষ কুমার কুণ্ডু বলেন, ‘সার্বক্ষণিক দেশি মদের দোকান পাহারা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তবে প্রতি মাসের পরিদর্শনে আমরা তাদের লাইসেন্সের শর্ত মানতে নির্দেশ দেই। দেশি মদের দোকানগুলোকে নিয়ন্ত্রণে আনতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীকেই উদ্যোগী হতে হবে।’ শহরের পৈলানপুর মহল্লার কৃষিবিদ জাফর সাদেক জানান, গত তিন মাসে তাঁর বাড়িতে দুই দফা চুরির ঘটনা ঘটেছে। মাদকসেবীরা বাড়ির বারান্দার গ্রিল কেটে স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ সব সময় সচেষ্ট রয়েছে। গত ছয় মাসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বহু মাদক বিক্রেতাকে গ্রেপ্তার ও শাস্তি দেওয়া হয়েছে।