পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ জনযুদ্ধ নেতা নিহত
পাবনা সদর উপজেলার ভাড়ারা গ্রামে গত সোমবার দিবাগত রাতে ‘বন্দুকযুদ্ধে’ মো. আনিছুর রহমান ওরফে আনিছ মাস্টার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, চরমপন্থী সন্ত্রাসীদের দুই পক্ষের বন্দুকযুদ্ধে আনিছের মৃত্যু হয়েছে। তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা।র্যাব-১২ পাবনা ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাব সদস্যরা রাত ১২টার দিকে খবর পান পৌরসভা নির্বাচনে আধিপত্য বিস্তারের লক্ষ্যে চরমপন্থী সন্ত্রাসীরা ভাড়ারা গ্রামের শাহি মসজিদের পাশে মুখোমুখি অবস্থান নিয়েছে। এ খবরের ভিত্তিতে র্যাবের দুটি টহল দল রাত সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে যায়। কিন্তু তারা পৌঁছানোর আগেই অবস্থানরত চরমপন্থীদের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব সদস্যরা ফাঁকা গুলি করেন। পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল থেকে আনিছুরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের পর র্যাব ঘটনাস্থল থেকে একটি করে রাইফেল, রিভলবার ও এলজি এবং ১০টি গুলি উদ্ধার করে। বন্দুকযুদ্ধে নিহত ও অস্ত্র উদ্ধারের ঘটনাটি স্থানীয় সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন জানান, নিহত আনিছ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় র্যাব হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা করেছে।