পাবলিক পরীক্ষার কক্ষেই পাঠদান!
একটি কক্ষে চলছে পরীক্ষা। তা কোনো অর্ধবার্ষিক নয়, ফাজিল তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা। পাশেই টিনের বেড়ার ওপারে চলছে সপ্তম শ্রেণির পাঠদান। আশপাশের কক্ষগুলোতেও বিভিন্ন শ্রেণির পাঠদান চলছে।
পটুয়াখালীর বাউফল উপজেলার ছালেহিয়া ফাজিল মাদ্রাসায় গিয়ে গতকাল সোমবার দুপুরে এ চিত্র দেখা গেছে। অথচ নিয়মানুযায়ী, পরীক্ষা চলাকালে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখার কথা।
উপজেলা সদরের মাদ্রাসাটিতে গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, পরীক্ষা চলাকালে প্রথম শ্রেণি থেকে ফাজিল পর্যন্ত সব শ্রেণিরই পাঠদান চলছে। অথচ এদিন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ইসলামি দর্শন বিষয়ের চূড়ান্ত পরীক্ষা ছিল।
মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয় সূত্রে জানা যায়, ১ আগস্ট থেকে ফাজিল তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়। বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ বছর এ পরীক্ষায় ২৪৩ জন অংশ নিচ্ছেন। গতকালের ইসলামি দর্শন বিষয়ে পরীক্ষার্থী ছিলেন ২১ জন।
গতকাল দুপুর পৌনে ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, মাদ্রাসা ভবনটির নিচতলার একটি কক্ষের মাঝ বরাবর একটি টিনের বেড়া। এর দক্ষিণ পাশে সপ্তম শ্রেণিতে পাঠদান করাচ্ছিলেন মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলাম। বেড়ার উত্তর পাশে চলছিল ফাজিল তৃতীয় বর্ষের পরীক্ষা।
একই সঙ্গে কীভাবে পরীক্ষা ও পাঠদান চলছে, এমন প্রশ্ন করা হলে মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব নজিরুল হক বলেন, আজকে (সোমবার) পরীক্ষার্থী কম থাকায় পাঠদান চালু রাখা হয়েছে। তবে এ প্রতিবেদকের সঙ্গে কথা হওয়ার কিছুক্ষণ পরই পাঠদান বন্ধের নির্দেশ দেন তিনি। তখন হইহুল্লোড় করে বেরিয়ে যায় শিক্ষার্থীরা।
নিয়মানুযায়ী, পরীক্ষা চলাকালে কেন্দ্র এলাকায় ১০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকে। অনুমতি ব্যতিরেকে পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ এবং পাঠদান বন্ধ রাখার নির্দেশ রয়েছে। পরীক্ষা শুরু হওয়ার আগের দিন এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তর থেকে মাইকিং করা হয়। এ কেন্দ্র এলাকায়ও মাইকিং করা হয়েছিল বলে নিশ্চিত করেছে ইউএনওর কার্যালয়।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, অনিয়মের খবর পেয়ে তিনি ওই পরীক্ষাকেন্দ্রে গিয়েছিলেন। তিনি অধ্যক্ষ নজিরুল হককে এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন। এর আগে দাখিল পরীক্ষার সময়ও অনিয়মের অভিযোগে অধ্যক্ষ নজিরুলকে কেন্দ্রসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।