পাবলিক পরীক্ষার সময় হরতাল ডাকা কেন অবৈধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল ডাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল আহ্বান থেকে বিরত থাকতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বুধবার এ রুল জারি করেন। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, শিক্ষাসচিব ও স্বরাষ্ট্রসচিবকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে ১৫ জন আইনজীবীর নাম ঘোষণা করা হয়েছে।এই ১৫ জনের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম, এম আমীর-উল ইসলাম, এম জহির, মওদুদ আহমদ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আখতার ইমাম, এ এফ হাসান আরিফ, রফিকুল ইসলাম মিয়া, মইনুল হোসেন, ফিদা এম কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন প্রমুখ রয়েছেন।সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দ গত ২৬ এপ্রিল রিট আবেদনটি করেন। গতকাল রিট আবেদনের ওপর শুনানি হয়। শুনানিতে তিনি বলেন, হরতাল গণতান্ত্রিক অধিকার। তবে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের মৌলিক অধিকার। এই অধিকার থেকে তাদের বঞ্চিত করা হলে তা হবে মৌলিক অধিকারের লঙ্ঘন।শুনানিকালে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, মুনসুরুল হক চৌধুরী, সুব্রত চৌধুরী, এ এম আমিনউদ্দিন ও শ ম রেজাউল করিম আদালতে মতামত নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।