পাবলিক পরীক্ষার সময় হরতাল না করার নির্দেশনা চেয়ে আবেদন
পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল আরোপ না করতে নির্দেশনা চেয়ে আবেদন করা হয়েছে। আজ রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি করা হয়েছে। বেঞ্চে আবেদনটি তুলে ধরেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। কাল সোমবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল আরোপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ গত বছরের মে মাসে একটি রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২ মে হাইকোর্ট রুল জারি করেন। রুলে পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল আরোপ কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং হরতাল আরোপ না করতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়। রিট আবেদনে সংসদের বিরোধীদলীয় নেতা, বিএনপির মহাসচিব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, সংসদ সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়।
হাইকোর্ট তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেন। আইনজীবী ইউনূস আলী আকন্দ প্রথম আলো ডটকমকে বলেন, ‘এখনো রুলের জবাব পাইনি। সামনে পাবলিক পরীক্ষা আছে। কিন্তু ইতিমধ্যে ৪ নভেম্বর থেকে ৬০ ঘণ্টার হরতাল আহ্বান করা হয়েছে। এটা সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তাই আবেদনটি দাখিল করা হয়েছে। আদালত কাল শুনবেন। আবেদনে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাবলিক পরীক্ষা চলাকাল হরতাল আরোপ না করতে নির্দেশনা চাওয়া হয়েছে।’