পাবলিক বাসে ৪১ শতাংশ নারী যৌন হয়রানির শিকার
পাবলিক বাসে চড়ে ৪১ শতাংশ নারীই যৌন হয়রানির শিকার হন। দুর্ভোগ, যৌন হয়রানি ও নির্যাতনের আশঙ্কায় বাস এড়িয়ে চলেন ১৩ শতাংশ নারী৷ এখন মাত্র ২০ দশমিক ৭ শতাংশ নারী নিয়মিত বাসে চলাচল করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলামোটরের প্ল্যানার্স টাওয়ারে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এ তথ্য উপস্থাপন করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেন। ‘গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বচ্ছন্দে যাতায়াত নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে পপুলেশন সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টার, অ্যাকশনএইড বাংলাদেশ ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট।
সভায় সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পি বলেন, গণপরিবহনে পুরুষদের দ্বারা প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হচ্ছেন নারীরা। কাজেই তাঁদের আচরণগত পরিবর্তন আনা দরকার৷ কারণ, নারীদের যথাযথ উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদেরও নিরাপদ ও স্বচ্ছন্দ যাতায়াত নিশ্চিত করতে হবে।
অ্যাকশনএইড বাংলাদেশর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর বলেন, দেশে ৪৮ শতাংশ নারীর চালক ও ভাড়া আদায়কারীর কাছ থেকে অপমানজনক ভাষা শোনার অভিজ্ঞতা রয়েছে।
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে সমানভাবে অংশ নিতে নারীদের যাতায়াত-চাহিদা নিশ্চিত হওয়া অনেক বেশি দরকার৷ এ জন্য নারীদের সংরক্ষিত আসনসংখ্যা বৃদ্ধি, পুলিশের সঙ্গে সমন্বয় করে হয়রানি ও নির্যাতন বন্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী বলেন, একজন নারীকে গণপরিবহনে যাতায়াতে সিট না পাওয়া, সময়মতো বাস না পাওয়া ও অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিটি ক্ষেত্রেই হয়রানির শিকার হতে হয়৷ সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে এই পরিস্থিতি একটি সহনশীল পর্যায়ে আসবে৷
ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার তাহমিনা ইয়াসমিন বলেন, দেশের অর্ধেক নারী হলেও নারীদের সুরক্ষার জন্য কেবল আইন প্রণয়ন যথেষ্ট নয়। আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। বাসে মাত্র নয়টি সিট বর্তমান প্রেক্ষাপটে নারীদের জন্য অপ্রতুল। এই সংখ্যা বাড়াতে সরকারের উদ্যোগ গ্রহণ দরকার।
পপুলেশন সার্ভিস অ্যান্ড ট্রেনিং সেন্টারের কম্পোনেন্ট ম্যানেজার (জেন্ডার অ্যান্ড গভর্ন্যান্স) কানিজ গোফরানী কোরায়শীর সঞ্চালনায় সভায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সচিব শওকত আলী, অ্যাকশনএইড বাংলাদেশের পরিচালক (প্রোগ্রাম পলিসি ক্যাম্পেইন) শাহানাজ আরেফিন, গণস্বাস্থ্যকেন্দ্রের পরিচালক আকলিমা খাতুন, আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র সমন্বয়কারী সেলিনা আকতার প্রমুখ বক্তব্য দেন।