প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠের জনসভা থেকে বিভিন্ন প্রতিশ্রুতির সঙ্গে জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছিলেন। দিনটা ছিল ১২ নভেম্বর।
কাকতালীয়ভাবে এক বছর পর একই দিনে বগুড়াবাসীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বললেন প্রধানমন্ত্রী। স্থানও সেই আলতাফুন্নেছা খেলার মাঠ। এবার জানা গেল, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিটি ছিল বেসরকারি বিশ্ববিদ্যায়ের। এতে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ হতাশ।
জেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল শনিবার জেলার ৮৮০টি স্থানে বগুড়াবাসীর সঙ্গে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে যুক্ত হন। আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে যুক্ত হওয়া বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন বলেন, জেলায় বিশ্ববিদ্যালয় না থাকায় প্রতিবছর ভর্তির জন্য সন্তানদের নিয়ে অভিভাবকদের সারা দেশে ছুটতে হয়। দুর্ভোগ লাঘবে তিনি সব বিশ্ববিদ্যালয়ে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাব করেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বগুড়ার আশপাশে রংপুর, পাবনা, রাজশাহীসহ বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় রয়েছে। তাতে বগুড়ার শিক্ষার্থীদের এত দূরে কেন যেতে হবে, বুঝি না।’
এ পর্যায়ে বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন প্রধানমন্ত্রীকে গত বছরের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বগুড়ায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় দিতে চাই। কিন্তু বগুড়া এত বড় শহর, অথচ সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনে কেউ এগিয়ে আসছে না। তা ছাড়া সেখানে টিএমএসএসকে বেসরকারি পুণ্ড্র ইউনিভার্সিটি দিয়েছি। কেউ করতে চাইলে আরও দেব।’
দলীয় নেতা-কর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্যে তাঁরা আশাহত হয়েছেন। জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান বলেন, ‘এক বছর ধরে জানতাম প্রধানমন্ত্রী বগুড়াবাসীকে একটি বিশ্ববিদ্যালয় উপহার দিচ্ছেন। কিন্তু ভিডিও কনফারেন্সে তিনি স্পষ্ট করলেন, তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলেছিলেন। এতে আমরাও হতাশ।’
জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মাশরাফি হিরো বলেন, ‘এত দিন আশায় বুক বেঁধে ছিলাম, একটা বিশ্ববিদ্যালয় পাচ্ছি আমরা। কিন্তু এক বছর পর জানা গেল, সেটা বেসরকারি বিশ্ববিদ্যালয়।’
স্থানীয় পেশাজীবীরা বলছেন, ২০০১ সালের ১৫ জুলাই প্রকাশিত সরকারি গেজেটে বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। আর গত বছর প্রধানমন্ত্রীর জনসভার ঘোষণার পর প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ, শিক্ষাসচিব, ইউজিসি ও জেলা প্রশাসনের মধ্যে যেসব চিঠি-চালাচালি হয়েছে, সবখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলা আছে।
জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি বজলুল করিম বাহার বলেন, বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় হলে এই অঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষের সন্তানেরা সেখানে পড়ার সুযোগ পেতেন।
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস-উল-আলম বলেন, বগুড়ার নামীদামি কলেজ থেকে প্রতিবছর গড়ে ২০ হাজার শিক্ষার্থী এইচএসসি পাস করেন। স্থানীয় তিনটি সরকারি কলেজে হাজার ছয়েক অনার্সে পড়ার সুযোগ পান। দেশের পুরোনো সব জেলাতেই সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ ক্ষেত্রে শুধু বগুড়াবাসীই বঞ্চিত।
রাজশাহী বিভাগের অন্যান্য জেলার সঙ্গে কনফারেন্স শেষে উত্তরাঞ্চলের উন্নয়নের রূপরেখা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেলপথ করবে সরকার। নদী খননের বিষয়ে কিছু বলেননি তিনি।