পাবলিক বিশ্ববিদ্যালয়কে আয় বাড়ানোর পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নানাভাবে এই আয় বাড়ানো সম্ভব বলে জানান তিনি।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ‘রিসার্চ অ্যান্ড ফার্ম বেইজড ক্যাম্পাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরের ক্যাম্পাস এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভার আগে ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে প্রস্তুত করা। তারা যেন নেতৃত্ব দিয়ে এ দেশকে বিশ্ব মর্যাদার আসনে পৌঁছে দিতে পারে। তবে প্রচলিত ও গতানুগতিক শিক্ষা দিয়ে তা সম্ভব নয়। এ জন্য বর্তমান যুগের সঙ্গে সংগতিপূর্ণ বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি, দক্ষতা ও শিক্ষা দরকার। নতুন গবেষণা ক্যাম্পাসকে বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত অংশ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এটিকে একটি কার্যকর গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।
গতকালের অনুষ্ঠানের বিশেষ অতিথি পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ তাঁর বক্তব্যে হাটহাজারীর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানান। এই অনুরোধের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘বৃহত্তর চট্টগ্রামে আর পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে না। এটি সম্ভবও না। টাকাও নেই। আমরা শতভাগ টাকা দিই। কিন্তু ক্ষমতাশূন্য।’ অদূর ভবিষ্যতে কক্সবাজারে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানান মন্ত্রী। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, সহ-উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবময় দেওয়ান। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ নুরুল আবছার খান।
চট্টগ্রামের হাটহাজারী সদরের সরকারি ডেইরি ফার্ম-সংলগ্ন এলাকায় ১০ একর জায়গায় এ ক্যাম্পাস স্থাপন করা হবে। ক্যাম্পাস স্থাপনের জন্য সরকার ৬৫ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।