পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গেও বৈঠক করবে সরকার
জঙ্গিবাদ দমনের লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গেও বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৩ জুলাই অনুষ্ঠিত হবে এই বৈঠক। আর পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ১৭ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মালিকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান বৈঠক করে এ সিদ্ধান্ত নেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকটি হবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে। এর আগে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে ১৭ জুলাই সকাল সাড়ে ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়।
গতকাল ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ ওঠে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে যাচ্ছে, কোনো শিক্ষার্থী এক সেমিস্টার অনুপস্থিত থাকলে তাঁর ছাত্রত্ব বাতিল করা হবে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ক্লাসে শিক্ষার্থীদের অনুপস্থিত থাকার বিষয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত যথার্থ নয়। তিনি বলেন, এক সেমিস্টার নয়, বরং টানা ১০ দিন অনুপস্থিত থাকলেই খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।