পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২১৭৮ কোটি টাকার বাজেট
দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ২ হাজার ১৭৮ কোটি ৮৪ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ বৃহস্পতিবার কমিশনের পূর্ণ সভায় তা অনুমোদন দেওয়া হয়।
ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ২০১৪-১৫ অর্থ বছরের জন্য ২ হাজার ৫৩ কোটি ৫৫ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া আগামী অর্থ-বছরে ইউজিসির ব্যয় মেটাতে ২৪ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়ায় অবস্থিত ইসলামি বিশ্ববিদ্যালয়ের অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দ্রুত শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ওই তিনটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, ইউজিসি সদস্য মোহাম্মাদ মোহাব্বত খান, আবুল হাশেম প্রমুখ।