পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো দাবি
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামোর দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা৷ গতকাল বুধবার বিকেলে নগরে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে এ দাবি জানান তাঁরা৷
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন৷
জানা যায়, গতকাল বিকেল চারটার সময় নগরের প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র বেতনকাঠামোর দাবিতে মানববন্ধন করেন শিক্ষকেরা৷ মানববন্ধন শেষে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেন তাঁরা৷
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকি৷
লিখিত বক্তব্যে মুস্তাফিজুর রহমান ছিদ্দিকি বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতনকাঠামোর দাবি দীর্ঘদিনের৷ বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী বহুবার শিক্ষকদের স্বতন্ত্র বেতনকাঠামোর দাবির যৌক্তিকতা অনুভব করে তা বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছিলেন৷ এ ছাড়া বর্তমান গণতান্ত্রিক সরকার গত নির্বাচনের ইশতেহারেও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো প্রদানের অঙ্গীকার করেছিলে৷ কিন্তু অদ্যাবধি এ বিষয়ে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ আমরা লক্ষ করিনি৷’
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো প্রণয়ন করে দেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে জোর দাবিও জানান শিক্ষকেরা৷
এসব কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি বেণু কুমার দে, অর্থনীতি বিভাগের অধ্যাপক মঈনুল ইসলাম, রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ইমরান হোসেন, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক দেব প্রসাদ পাল প্রমুখ৷