দেশের বিভাগীয় গণগ্রন্থাগারগুলোতে বিনা মূল্যে ইন্টারনেট-সুবিধা দিতে মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড চালু করেছে ‘রবি ইন্টারনেট কর্নার’। সাতটি বিভাগীয় গণগ্রন্থাগারে এ রকম কর্নার চালু করা হবে। এ বিষয়ে রবি ও সরকারের গণগ্রন্থাগার অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারে রবি কর্নারের উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। তথ্য ও সংস্কৃতিমন্ত্রী বলেন, এ রবি কর্নারের মাধ্যমে গ্রন্থাগারে আসা ব্যক্তিদের মধ্যে ইন্টারনেট সম্পর্কে সচেতনতা তৈরি হবে। তাঁরা বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারও করতে পারবেন। রবির প্রধান অর্থ কর্মকর্তা (চিফ ফিন্যান্সিয়াল অফিসার) মাহতাবউদ্দিন আহমদ বলেন, মুঠোফোনের মতো ইন্টারনেটের গ্রাহক বাড়ছে না। প্রয়োজন প্রযুক্তি সচেতনতা। রবির এ কর্নার বিনা মূল্যে ইন্টারনেট সেবার পাশাপাশি জনগণকে তথ্যপ্রযুক্তির সুবিধা সম্পর্কেও অবহিত করবে। তিনি জানান, রবি করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কর্মসূচির আওতায় এ ‘রবি ইন্টারনেট কর্নার’ চালু করা হয়েছে। অনুষ্ঠানে রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সিআরএল) মাহমুদুর রহমান, ভাইস প্রেসিডেন্ট (সিএসআর) সেগুফতা ইয়াসমীন সামাদ ও গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মো. নূর হোসেন তালুকদারসহ দুই পক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।