পাভেল রহমান আরও একটি পুরস্কার পেলেন
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের ২০১৩ সালের পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার পেয়েছেন ‘প্রথম আলো’র ফটো-উপদেষ্টা পাভেল রহমান। আজ বৃহস্পতিবার সকালে পিআইবি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ফটোসাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাঁকে একটি ক্রেস্ট, একটি সনদপত্র ও ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বাংলাদেশের ফটোসাংবাদিকতার ইতিহাসে পাভেল রহমানের অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সাংবাদিকেরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করছেন। নিরাপত্তা সাংবাদিকদের অধিকার। কিন্তু একমাত্র সাংবাদিক গৌতম দাস ছাড়া আর কোনো সাংবাদিক হত্যার বিচার হয়নি। এতে করে সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালনে উত্সাহ হারাতে পারেন। তিনি হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিকদের অবস্থান নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আবদুস সালাম, অধ্যাপক গোলাম রহমান, সোহেল সামাদের মা আনোয়ারা সামাদ, পিআইবির পরিচালক শাহ আলমগীর প্রমুখ।
পাভেল রহমানের জন্ম রংপুরে, ১৯৫৬ সালে। তাঁর বাবা মুজিবুর রহমান ও মা মতিজা রহমান। ১৯৭২ সালে ‘সাপ্তাহিক জয়ধ্বনি’তে তাঁর কর্মজীবনের শুরু। ১৯৮৩ থেকে ২০১৩ পর্যন্ত কাজ করেছেন বার্তা সংস্থা এপিতে। তাঁর বহু ছবি বাংলাদেশের ইতিহাস, সমাজ, সংস্কৃতি ও জীবনাচারের প্রতিফলন। মুন্সিগঞ্জে লঞ্চডুবির ছবি, স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনের ছবি, ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ছবি, ২০০৭ সালের পাহাড়ধস ও ২০১১ সালের এক ট্রেন থেকে অন্যটিতে ঝাঁপ দেওয়ার ছবিসহ বহু ছবি তিনি তুলেছেন। তার এসব ছবি প্রশংসিত এবং দেশে ও বিদেশে পুরস্কৃত হয়েছে।