পাভেল রহমানের ক্যামেরায় বঙ্গবন্ধু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করছেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করছেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক

ছবিটি খুব চেনা। সাদা-কালো ফ্রেমে মানুষটিকে দেখে মনে হয় একেবারেই সাধারণ একজন বাঙালি। অথচ মানুষটা অসাধারণ। লুঙ্গি-স্যান্ডো গেঞ্জি পরে পাইপ টানছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বিখ্যাত ছবিটি তুলেছেন আলোকচিত্রী পাভেল রহমান।

১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত পাভেল রহমানের তোলা বঙ্গবন্ধুর নানা ছবি নিয়ে শুক্রবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে ‘পাভেল রহমানের ক্যামেরায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। উদ্বোধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন।

পাভেল রহমানের ক্যামেরা মানেই ভিন্নধর্মী এক বঙ্গবন্ধুকে দেখতে পান দর্শকেরা। যেমন এ প্রদর্শনীতে ১৯৭৫ সালের ২১ ফেব্রুয়ারিতে ভাষাশহীদদের প্রতি বঙ্গবন্ধুর শেষবারের শ্রদ্ধা নিবেদনের ছবি রয়েছে। তেমনি রয়েছে শেষ জন্মদিনে ছেলে শেখ কামালের সঙ্গে হাস্যোজ্জ্বল বঙ্গবন্ধু। রয়েছে আবাহনী দলের খেলোয়াড় আর কর্মকর্তাদের আলোকচিত্রও। কচি-কাঁচার শিশুদের সঙ্গে বঙ্গবন্ধুর হাস্যোজ্জ্বল আলোকচিত্রও ঠাঁই পেয়েছে এ প্রদর্শনীতে। রয়েছে ১৯৭৩ সালে ছাত্র ইউনিয়নের জাতীয় সম্মেলনে পাভেল রহমানের তোলা বঙ্গবন্ধুর প্রথম ছবিগুলো।

উদ্বোধনের পর প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথি এবং প্রদর্শনীর আলোকচিত্রী
উদ্বোধনের পর প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথি এবং প্রদর্শনীর আলোকচিত্রী

আলোকচিত্রের পাশাপাশি পঁচাত্তর-পরবর্তী দীর্ঘ সময়ে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত নানা বস্তু ও স্থানের আলোকচিত্রও। রয়েছে বঙ্গবন্ধুর পাসপোর্টের আলোকচিত্র। রয়েছে বঙ্গবন্ধুর ব্যবহৃত পাইপ, লাইব্রেরি, ফজিলাতুন্নেছা মুজিবের পানের বাটা, টেলিফোন সেটসহ নিত্য ব্যবহার্য নানা দ্রব্য। বুকের মধ্যে বেদনার রেখা টেনে দেয় ১৯৮২ সালে বাবার কবরে প্রথমবারের মতো মেয়ে শেখ হাসিনার পুষ্পস্তবক দেওয়ার ছবি।

সব মিলিয়ে ৪০টি আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে চার দিনের এ প্রদর্শনী, যা চলবে ৬ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।