পাভেল হত্যা মামলার অগ্রগতি নেই
হবিগঞ্জে দুর্বৃৃত্তদের হাতে খুন হওয়া তরুণলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুহুল ইসলাম পাভেল হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার ও রহস্য উদ্ঘাটনে সক্ষম হলেও পুলিশ তিন মাসেও অভিযোগপত্র জমা দেয়নি। এদিকে মামলার অগ্রগতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে নিহত পাভেলের পরিবার। গত বুধবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে নিহতের স্ত্রী নাজরাতুন নাঈম ও তাঁর পরিবার সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ করেন।অভিযোগে জানা গেছে, গত বছরের ২৫ নভেম্বর পাভেলের বস্তাবন্দী লাশ শহরের পুরাতন হাসপাতাল সড়কের দৈনিক লোকালয় বার্তার অফিস-লাগোয়া নর্দমায় পাওয়া যায়। এর দুই দিন আগে পাভেল শহরের ইনাতাবাদ আবাসিক এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। এ বিষয়ে পাভেলের স্ত্রী ২৭ নভেম্বর হবিগঞ্জ মডেল থানায় মামলা করেন। পুলিশ এ মামলায় পাভেল আহমদ, আব্দুর রউফ, আব্দুল কাদির, এমদাদুল ইসলাম সোহেল ওরফে শাহীন ও দৈনিক লোকালয় বার্তার পিয়ন মো. জাহিদ, পাভেলের চাচাতো ভাই সৈয়দ গোলাম জিলানী ও সাইদুর রহমানকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে পাভেল আহমদ, সাইদুর রহমান, মো. জাহিদ ও আব্দুর রউফ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। নাজরাতুন নাঈম বলেন, ‘এ হত্যাকাণ্ডের একজন আসামি রাজু ছাড়া সবাই বর্তমানে গ্রেপ্তার আছেন। পুলিশের বর্তমান কার্যক্রমে আমরা ভীত। কারণ পুলিশ সকল তদন্তকাজ শেষ করেও কী কারণে অভিযোগপত্র ঝুলিয়ে রেখেছে তা আমরা বুঝে উঠতে পারছি না।’নিহত পাভেলের মা সৈয়দা আনোয়ারা বেগম বলেন, ‘আমি ছেলের হত্যাকারীদের সন্তোষজনক বিচার দেখার অপেক্ষায় আছি।’ হত্যামামলার তদন্তকারী কর্মকর্তা ও হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জীবন কৃষ্ণ দে বলেন, অচিরেই অভিযোগপত্র দেওয়া হবে। মেমো অব এভিডেন্স (এমি) অথবা সাক্ষ্যের স্মারকলিপি দেওয়া হয়ে গেছে। পুলিশ সুপার তাতে স্বাক্ষর করলেই তা আদালতে চলে যাবে।