পাভেলের হাড়গোড় উদ্ধার, গ্রেপ্তার ৩

ঢাকার আজিমপুর থেকে নিখোঁজ হওয়ার ছয় মাস পর গতকাল বুধবার বিকেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফুর রহমান পাভেলের হাড়গোড় উদ্ধার করা হয়েছে। নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর এলাকার একটি স্থানে মাটি খুঁড়ে তাঁর হাড়গোড় উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নরসিংদী থেকে পাভেলের তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন ফয়সাল, ফরহাদ ও জাহাঙ্গীর।
পাভেল রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর তৃতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমানের দেওয়া তথ্যমতে, গত ২৬ ডিসেম্বর আজিমপুর এলাকা থেকে পাভেল নিখোঁজ হন। এ ব্যাপারে তাঁর পরিবারের পক্ষ থেকে ওই দিনই নিউমার্কেট থানায় একটি অপহরণ মামলা করা হয়। প্রথমে নিউমার্কেট থানার পুলিশ ও পরে ডিবি মামলার তদন্ত শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল নরসিংদীতে আত্মগোপনে থাকা পাভেলের ওই তিন বন্ধুকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মির্জানগরের একটি নির্জন এলাকায় মাটি খুঁড়ে পাভেলের হাড়গোড় বের করা হয়।
জিজ্ঞাসাবাদে ওই তিনজন জানান, পাভেলের নামে ব্যাংকের হিসাবে ১৮ লাখ টাকা থাকার কথা তাঁরা জানতে পারেন। ওই টাকা আত্মসাতের ষড়যন্ত্র করেন তাঁরা। ঘটনার দিন তিনজন ব্যবসার কথা বলে পাভেলকে দিয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করান। এরপর তাঁরা নরসিংদীতে চলে যান। সেখানে পাভেলকে বিষ খাইয়ে হত্যা করে তাঁকে মাটিচাপা দিয়ে সরে পড়েন তাঁরা। ব্যাংক থেকে তোলা টাকাও তাঁরা সমান ভাগে ভাগ করে নেন।