পাম অয়েল ও আঠা মিশিয়ে গাওয়া ঘি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাম অয়েল, মাস্টার গাম (আঠা), রাসায়নিক এবং রং ব্যবহার করে তৈরি করা হচ্ছিল বাঘাবাড়ির ‘আসল গাওয়া ঘি’। চট্টগ্রাম নগরের চাক্তাইয়ের আমিন হাজি রোডে গতকাল রোববার দুপুরে নকল ঘি তৈরির কারখানাটির সন্ধান পান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ঘি তৈরির সরঞ্জাম এবং উৎপাদিত নকল ঘি ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক ও নুরুল আলম। অভিযানের খবর পেয়ে মালিক এবং শ্রমিকেরা পালিয়ে যান। পরে সেখান থেকে ৩২৭ কৌটা ঘি, একটি বড় কড়াই, পাঁচ ড্রাম পাম অয়েল, পাঁচ কেজি রাসায়নিক, পাঁচ হাজার খালি কৌটা ও মাস্টার গাম জব্দ করা হয়।
ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বলেন, ওই ঘি কারখানাটির কোনো অনুমোদন নেই। এ ছাড়া পাম অয়েল, মাস্টার গাম ও রাসায়নিক দিয়ে এই নকল ঘি তৈরি করা হচ্ছিল।
একই এলাকায় এম এইচ প্যাকেজিং নামের একটি পলিথিন কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানাটি বিক্রি নিষিদ্ধ পলিথিন উৎপাদন করছিল। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ (ক) অনুসারে ৫৫ মাইক্রোনের নিচে পলিথিন উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ। ম্যাজিস্ট্রেট রুহুল আমীন বলেন, কারখানা থেকে উদ্ধার করা ১৯ বস্তা পলিথিন ধ্বংস করা হয়েছে।