পাম অয়েল না মেশাতে পারায় সয়াবিন তেলের দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতকালে সয়াবিন তেলে পাম অয়েল মেশানো হলে তা জমে যায়। তাই প্রতিবারের মতো এবারও ব্যবসায়ীরা সয়াবিন তেলে অপেক্ষাকৃত কম দামের পাম অয়েল মেশানো বন্ধ রেখেছেন। সম্প্রতি সয়াবিন তেলের দাম বাড়ার এটাই একমাত্র কারণ।গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে একই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিকে। সংসদ ভবনে কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেম সংবাদ ব্রিফিংয়ে জানান, বর্তমানে বাজারদর মোটামুটি নিয়ন্ত্রণে। তবে ভোজ্যতেলের দাম একটু বেড়েছে। আন্তর্জাতিক বাজারে সম্প্রতি ডলারের দাম বেড়েছে। ব্যবসায়ীরা শীতে এলসি কমিয়ে দিয়েছেন। এ ছাড়া কিছু টেকনিক্যাল সমস্যা আছে। যে কারণে সয়াবিন তেলের দাম বেড়েছে। কমিটির পক্ষ থেকে সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখার সুপারিশ করা হয়েছে। প্রয়োজনে দেশে সয়াবিন চাষ সম্প্রসারণের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ আলোচনারও পরামর্শ দেওয়া হয়।তবে বৈঠক সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব গোলাম হোসেন কমিটিকে জানিয়েছেন, ব্যবসায়ীরা গরমের সময়ে সয়াবিন তেলে কম দামের পাম অয়েল মিশিয়ে তা বাজারে বিক্রি করেন। কিন্তু শীতে পাম অয়েল জমে যায় বলে তা সয়াবিন তেলে মেশানো সম্ভব হয় না। এ সময়ে পাম অয়েল আমদানিও প্রায় বন্ধ হয়ে যায়। যে কারণে বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে।কমিটির পক্ষ থেকে ৬০ বছরের পুরোনো চাগাছ উপড়ে ফেলে নতুন গাছ লাগানোর মাধ্যমে উৎপাদন বাড়ানোর সুপারিশ করা হয়।কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য টিপু মুনশি, রুমানা মাহমুদ, জয়নাল আবেদীন ও শেখ আফিল উদ্দিন। এ ছাড়া বাণিজ্যসচিব গোলাম হোসেন, চা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুল হাসান, টিসিবির চেয়ারম্যান সরোয়ার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।